একজন জহির রায়হান
স্বাধীনতা পূর্বকালের বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে মেধাসম্পন্ন চলচ্চিত্রকারদের মধ্যে অন্যতম জহির রায়হান। কিন্তু বাস্তবতার কারণেই মূলধারার একেবারে বাইরে গিয়ে তাঁর পক্ষে চলচ্চিত্র নির্মাণ সম্ভব হয় নি। কিন্তু সীমাবদ্ধতার মধ্যেও এ দেশের চলচ্চিত্রশিল্পের বুকে তিনি অক্ষয় চিহ্ন রেখে গেছেন। তিনিই এ দেশের প্রথম রঙিন ছবি ‘সঙ্গম’ নির্মাণ করেন। এ দেশের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘বাহানা’র নির্মাতাও তিনি। এমনকি রাজনৈতিক চেতনাসম্পন্ন প্রথম চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ও তার বানানো। কম সময়ে এবং কম বাজেটে চলচ্চিত্র নির্মাণের দৃষ্টান্তও তিনি রেখে গেছেন। জহির রায়হান চলচ্চিত্রের সঙ্গে প্রথম জড়িত হন ১৯৫৭ সালে, এ জে কারদারের সহকারী হিসেবে ‘জাগো হুয়া সাভেরা’ (‘পদ্মা নদীর মাঝি’র চলচ্চিত্ররূপ) ছবিতে। এ ছাড়া এহতেশামের ‘এ দেশ তোমার আমার’ এবং সালাউদ্দিনের ‘যে নদী মরুপথে’ ছবির সঙ্গেও যুক্ত ছিলেন। পরিচালক হিসেবে জহির রায়হানের আত্মপ্রকাশ ‘কখনো আসে নি’ (১৯৬১) ছবির মাধ্যমে। এখানে নিম্নমধ্যবিত্তের দুঃখ-কষ্ট এবং সংকট তুলে ধরা হয়েছে। অর্থ যে সবকিছুর চালিকা শক্তি এই ধারণাটিকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন চলচ্চিত্রকার। নির্মাণে প...